রাজবাড়ীতে রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহান হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বস্তাবন্দি করে বালুর বস্তা বেঁধে পরিত্যক্ত ডোবায় ফেলে দেয়া হয়। শনিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- দাদশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার বাবু (৩৪), গণি সরদারের ছেলে রিয়াজ সরদার (২৩) ও সিদ্দিক মণ্ডলের ছেল শরিফ (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ই অক্টোবর বিকালে চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহান অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন ৬ই অক্টোবর তার পরিবার রাজবাড়ী সদর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর গত ৮ই অক্টোবর বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরিয়া কান্দা গ্রামের দিলীপ সেনের পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রোহানের বলে শনাক্ত করেন। এ ঘটনায় রোহানের বাবা ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। পরে দাদশী ইউনিয়ন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মীর মনির বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা অর্থদাতাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তে আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে পর্যায়ক্রমে তাদেরও আইনের আওতায় আনা হবে।