গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ই জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ‘ইউনূস গং-এর ফাঁসি চাই’ এমন স্লোগান-সম্বলিত পোস্টার লাগানোর সময় এক যুবককে আটক করেছে কোটালীপাড়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম লিটন মণ্ডল। সে গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম এলাকার নির্মল মণ্ডলের ছেলে। পোস্টারটিতে ‘জয় বাংলা, ‘আল্লাহ সর্বশক্তিমান’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ১৬ই জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ‘ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন ব্যক্তির ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়েছে।
পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে। পোস্টার লাগানোর সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ লিটন মণ্ডলকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয় বলে জানা গেছে। তবে পোস্টারটি কারা তৈরি করেছে, কার নির্দেশে তা লাগানো হচ্ছিল এবং আটক যুবকের কাছে ধারালো ছুরি থাকার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
