মিরসরাইয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

মিরসরাইয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, দু’টি স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এর মনিটর ও হার্ডডিস্কও খুলে নিয়ে যায় তারা। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি ও শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটারের মনিটর, সিপিইউসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।