বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান ভ্রমণ আপাতত স্থগিত করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দলটির ওমান যাওয়ার কথা ছিল গতকাল সকালে। আগের দিন দলের ফটোসেশন সম্পন্ন হয়। ক্রিকেটাররা বিকেলে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেন। গতকাল সকালে অনূর্ধ্ব-১৯ দলের উড়াল দেওয়ার কথা থাকলেও সফর স্থগিত ঘোষণা করা হয় ওমানের ভিসা না পাওয়াতে। বিসিবি দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সফর স্থগিতের তথ্য জানায়। ভিসা প্রক্রিয়া সেপ্টেম্বর মাস থেকে এসিবি পরিচালনা করছে। ওমান কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহা দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমরা ১০ দিন ধরে ভিসার অপেক্ষা করছি। এখনো ওমানের ভিসা আসেনি। তারা জানিয়েছিল গতকাল ভিসা চলে আসবে সেইভাবেই সবকিছু ঠিক করা ছিল কিন্তু আসেনি। যে কারণে নির্ধারিত সময়ে যাওয়া হয়নি। আশা করি দুই-এক দিনের মধ্যেই ভিসা চলে আসবে।’ বিসিবি ভিসা পাওয়ার পর ভ্রমণের ব্যবস্থা করবে। ১৩ অক্টোবর থেকে সিরিজের খেলা শুরুর সময় নির্ধারণ করা আছে। ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর বাকি চার ম্যাচ মাঠে গড়ানোর কথা। শেষ পর্যন্ত ভিসা না পেলে সফরটি বাতিল বা স্থগিত হওয়ার শঙ্কা রয়েছে বলে গুঞ্জন রয়েছে!
অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে। সিরিজটি ক্রিকেটারদের মূল্যায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। বিসিবি অনূর্ধ্ব-১৯ দলকে এশিয়া কাপের জন্য প্রস্তুত করতেই এই সফর। শুক্রবার রাতে অনুশীলনের পর খেলোয়াড়রা বার্তা পান ভিসা আসেনি। ভ্রমণের তারিখ নিশ্চিত হলে এয়ারলাইন্সের টিকিট বুকিং করা হবে। বর্তমান পরিস্থিতি সমাধানে কার্যক্রম অব্যাহত আছে। ভিসা পাওয়ার পর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সিনহা বলেন, ‘ওমান যেতে পারলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে। যদি একটু দেরিও হয় তাতে সমস্যা নেই। হয়তো একটি ম্যাচ কম খেলা হবে। এই সিরিজটা আসলে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপের প্রস্তুতি। ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে এই সিরিজের সম্পর্ক নেই। এটি দেখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আশা করি আমরা দ্রুতই ভিসা পেয়ে যাবো।’ সিরিজের ভেন্যু হিসেবে ওমানের ক্রিকেট একাডেমি মাঠ নির্ধারণ করা আছে। বিসিবি ও এসিবির পরিচালনায় সব আয়োজন করা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে ওমান ইমিগ্রেশনের অনুমতি মিললে উড়াল দেবে বাংলাদেশ।
