রিয়াদ বিমানবন্দরে ফের অতর্কিত হামলা, বিমান চলাচল বন্ধ

রিয়াদ বিমানবন্দরে ফের অতর্কিত হামলা, বিমান চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর খালি করা হয়েছে এবং বন্ধ রয়েছে বিমান চলাচল। শনিবার দুই আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এবিসি নিউজের।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, হামলার পর বিমানবন্দর খালি করা হয়েছে। আরেকজ কর্মকর্তা বলেন, সেখানে বিমান চলাচল বন্ধ রয়েছে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
তবে সর্বশেষ এই হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দরটিতে হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন বেসামরিক নাগরিক নিহত হন।
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এর আগের হামলাগুলোর দায় স্বীকার করেছে। তবে শনিবারের হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য সংক্ষিপ্ত সতর্কবার্তা জারি করেছে। এতে বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে ইয়েমেনে হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ঠেকাতে সরকারি বাহিনীর পক্ষে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।