রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি’র সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব এ এন এম আয়াসকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি’র সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেন তিনি। এর কিছুক্ষণ পরই শাহবাগ থানা পুলিশের একটি দল তাকে আটক করে। শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. খোকন মিয়া বলেন, শিল্পকলা একাডেমি’র সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেয়ার চেষ্টা করছিলেন আয়াস নামে একজন।
বিষয়টি জানার পর পরই তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে, ৫ই অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাথ দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাথের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
