রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দু’টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ককটেল নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা দু’টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আকাশ আহমেদ সামির, মো. শাহওয়াজ হোসেন ও মো. নূরনবী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দু’টি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। ওই দুই আরোহী আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে যান।
ইবনে মিজান আরও বলেন, ঘটনার পর পরই পুলিশের দল মাঠে নামে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। বিস্ফোরিত না হওয়া ককটেলটি পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কোনো স্প্ল্লিন্টার বা ক্ষতিকর উপাদান পায়নি বলে জানান তিনি।
