শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করছে

শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করছে

ফন্ট সাইজ:

শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন- অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তার পাশাপাশি শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের লেখাপড়ার খরচ বহনে সরকার সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অসুস্থ ও দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এ সহায়তা শ্রমিকদের দুর্দিনে সরকারের পাশে থাকার প্রতীক। রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন পেশার শ্রমিকরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে এ সহায়তা পেতে পারেন। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাইপ্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।