ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনায় বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনার খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- খুলনা মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাস্তুহারা এলাকার গোলাম মোস্তফা ভুট্টো (৫৬), মো. ইয়াসিন (২২), মো. তুষার (২৭), মো. আবিদ (২২), কামরুল (২৪), মো. ইয়ামিন (২৪), মো. শাকিল (২৫), সাঈদ (৩০), মো. তুহিন (২৩), মো. নূরনবী (২০), মো. রাজিব (২৫), নূর হোসেন (২৫), বাচ্চু (৩৮), শুকুর আলী (৩৮), সুমন শেখ (৪২)। তাদের রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, খেলা শেষে উভয়পক্ষের মধ্যেই কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা সবাই স্থানীয় বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত।
খালিশপুর থানার এসআই পিযুস বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যায় উল্লিখিতদের মধ্যে সংঘর্ষ হয়। রাতে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংঘর্ষ বন্ধ হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
