বারবার আগুনে নিঃস্ব পরশুরামের ব্যবসায়ীরা

ফন্ট সাইজ:

ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে বারবার অগ্নিকাণ্ডে নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। সর্বশেষ শনিবার ভোরে ভয়াবহ আগুনে গোডাউনসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুঁজি ও মালামাল হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন- নুরুল আমিন রবিন, মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের মিনার, মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন। আগুনে সব হারিয়ে নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তবে এর আগেই বেশির ভাগ দোকান পুড়ে যায়। পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম নয়।

এর আগে ২০২৫ সালের ২৩শে জুলাই রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাজারের গোলাম আজম মার্কেটে আগুনে বীজ, চা ও মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। এরও আগে ২০২১ সালের ১৮ই এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একাধিক অগ্নিকাণ্ডে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের প্রত্যাশা করছেন।