চট্টগ্রাম নগরের আগ্রাবাদে কাটা ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাহাস উদ্দিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডাবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাসের বাড়ি নোয়াখালীতে। তবে পরিবারের সঙ্গে সে চট্টগ্রাম নগরের খুলশি এলাকার একটি ভাড়া বাসায় থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বারেক বিল্ডিং-সংলগ্ন ফ্লাইওভারের উপর একটি কাটা ঘুড়ি উড়ে যাচ্ছিল। ঘুড়িটি ধরতে ছুটে যায় সাহাস। এ সময় হঠাৎ চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায় সে। অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।
পরে স্থানীয় দুই তরুণ তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডবলমুরিং মডেল থানার ওসি আরিফ ফয়সাল জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার সকালে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেকও বিষয়টি নিশ্চিত করেছেন।
