আওয়ামীপন্থি ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

আওয়ামীপন্থি ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

নাটোরের বড়াইগ্রামে অর্থ বাণিজ্য ও অনিয়মের মধ্যদিয়ে আওয়ামী লীগপন্থি এক ব্যক্তিকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেয়ার প্রতিবাদে ও এই নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার সকালে উপজেলার জোয়াড়ি আটঘরিয়া স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে আটঘরিয়া গ্রামের যুবক আরিফ খাঁ ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় বিএনপি’র সমর্থক ও কর্মীদের ওপর হামলা ও নির্যাতন করে। অথচ বিএনপি’র শাসনামলে ওই আরিফ খাঁ’কে জোয়াড়ি ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় এমপিকে ম্যানেজ করে টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ নিয়োগ নিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

দ্রুত এ নিয়োগ বাতিল করে বিএনপি’র ত্যাগী কর্মী বা নেতা যারা আবেদন করেছেন, তাদের মধ্য থেকে যেকোনো একজনকে দেয়ার দাবি জানান। এ ছাড়া বক্তারা মানববন্ধনে আরও বলেন, নিয়োগপ্রাপ্ত আরিফ খাঁ এর কোনো ঘর বা দোকান বা গোডাউন নাই। তা ছাড়া সার অথবা বালাইনাশক বিক্রির কোনো অভিজ্ঞতা নেই, গোডাউন বা স্টক ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা নেই। ডিলারশিপ পাওয়ার জন্য যে সব শর্তাবলী সেটাও সে পূরণ করতে পারেনি। অথচ অদৃশ্য আশীর্বাদপ্রাপ্ত হয়ে তাকে ডিলার হিসেবে নিয়োগ দেয়ায় বিস্মিত সকল সার ও বালাইনাশক ব্যবসায়ী সহ এলাকার সুধীসমাজ। বক্তারা ও উপস্থিত সকলে আরিফ খাঁ’র নিয়োগ বাতিলের দাবি জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জোয়াড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শাজাহান আলী ও সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, বিশিষ্ট সার ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।