জামালপুরে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

ফন্ট সাইজ:

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারী যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা ও তার ছেলের বউ ফরিদা বেগম।

বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টায় ওই দু’জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়। তাদের মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেন। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।