দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মা রিতা হালদার। বাড়ির পাশের খালের পাড়েই মায়ের সমাধি। সেই সমাধির কাছে গিয়ে সবার অগোচরে খালের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের শিশু অরূপ হালদারের। শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদের হালদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দৈহারী গ্রামের হালদার বাড়ির বাসিন্দা অরবিন্দু হালদার পেশায় একজন ক্ষুদ্র চা দোকানি। তার আট বছর বয়সী একটি মেয়ে ও তিন বছর বয়সী ছেলে অরূপ ছিল। প্রায় দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী রিতা হালদার।
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়। তবে সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি অরবিন্দু। পরে বাড়ির পাশের খালের পাড়ে স্ত্রীর সমাধি করেন তিনি। শনিবার ঘটনার সময় অরবিন্দু বাড়িতে সন্তানদের জন্য রান্না করছিলেন। এ সময় পরিবারের অগোচরে বেরিয়ে যায় অরূপ। একপর্যায়ে সে খালের পাড়ে মায়ের সমাধির কাছে গিয়ে পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে স্ত্রীর সমাধির কাছে গিয়ে শিশুটির জুতা দেখতে পান তিনি। পরে খালে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, শনিবার দুপুরের দিকে শিশুটি খালের পানিতে পড়ে মারা গেছে।
