ফিরছেন বিপাশা বসু

ফিরছেন বিপাশা বসু

ফন্ট সাইজ:

দীর্ঘদিন অভিনয়জগতে তুলনামূলকভাবে কম সক্রিয় বলিউড অভিনেত্রী বিপাশা বসু আবারো পর্দায় ফিরছেন। ২০১৫ সালের হরর থ্রিলার ‘অ্যালোন’ ছবির পর ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ সিরিজে তাকে দেখা গিয়েছিল। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ের পর ২০২২ সালে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। এরপর মাতৃত্বের কারণে পেশাগত জীবন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এবার পরিচালক হংসল মেহতার আসন্ন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঙ্কি’-এর মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। ইতিমধ্যেই এর শুটিং শুরু করেছেন অভিনেত্রী। ১৯৮৪ সালের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটি অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা ‘দ্য বারাবাঙ্কি নারকোস:

বাস্টিং ইন্ডিয়াস মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ বই অবলম্বনে তৈরি হচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার মুম্বইয়ের একটি স্টুডিওর বাইরে বিপাশার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে মনে হয়েছিল, পাপারাজ্জিদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। তবে বিপাশার দাবি, ফটোগ্রাফাররা সেখানে কেন উপস্থিত ছিলেন, তা জানতে চাওয়ার অর্থ এই নয় যে, তাদের ওপর তিনি রেগে গিয়েছিলেন। পরে একটি পাপারাজ্জি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল অভিনেত্রী মেজাজ হারিয়েছেন। কিন্তু ভিডিওটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে আপত্তি জানান বিপাশা। নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন। সেখানে বিপাশা লেখেন, দয়া করে বলুন তো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী? কেউ নিজের কাজে যাচ্ছেন এবং সময়মতো পৌঁছতে চাইছেন। কিন্তু আমরা আপনাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলেই তার অর্থ এই নয় যে, আমি রেগে গিয়েছি।