কিডনি ক্যান্সারের সঙ্গে প্রায় দুই বছর ধরে লড়ছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সম্প্রতি তার অসুস্থতার খবর জানিয়েছেন গীতিকার কবির বকুল। টিপুর বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। নিজের ফেসবুকে ইবরার টিপুর একটি ছবি প্রকাশ করে কবির বকুল জানান, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন এই সংগীতশিল্পী। কিছুদিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে। টিপুর স্ত্রী বিন্দু কণা জানান, হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছিল না বলে পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে আসেন।
ইবরার টিপুর সঙ্গে ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে কবির বকুল জানান, এবারের রোজার ঈদে অসুস্থ শরীর নিয়েই নিউ ইয়র্কে তার বাসায় এসেছিলেন টিপু। দীর্ঘদিন পর কথা বলে শিল্পীর শারীরিক অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বকুলের ভাষ্য, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও টিপুর চোখেমুখে সেই পরিচিত মায়া রয়েছে। নিজের সুর-সংগীতে ও কণ্ঠে ‘তুমি আমার ঘুম’, বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ’, ‘তোমায় ভেবে’ ‘নীলাকাশ’সহ বহু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন ইবরার টিপু। কি-বোর্ডিস্ট হিসেবেও তার বিশেষ খ্যাতি রয়েছে। দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইবরার টিপু। গত জুলাইয়ে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলে সংগীতাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
