দেশের গুণী সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। স্টেজ, নাটকের গান, অডিও গানসহ নানা ব্যস্ততায় রয়েছেন তিনি। প্রতিকূল পরিবেশেও চেষ্টা করছেন একের পর এক মৌলিক গানও প্রকাশ করতে। এরই মধ্যে এই সুরের পাখির কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন মৌলিক গান ‘পাখিরে’। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর সংগীত করেছেন এবং হৈমন্তীর সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটি এরই মধ্যে ‘হৈমন্তী’ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটি কয়েক লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন।
হৈমন্তীর গাওয়া এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন অলংকার চৌধুরী। যারাই গানটি শুনছেন তারাই গানটির বেশ প্রশংসা করছেন। সাম্প্রতিক সময়ে হৈমন্তীর গাওয়া অনেকগুলো গানের মাঝে এই গানটি শ্রোতাদের মাঝে এক অন্যরকম জায়গা করে নিয়েছে। হৈমন্তী রক্ষিত বলেন, ‘পাখিরে’ গানটি যখন করি তখন মনে মনে আসলে একটা প্রত্যাশা ছিল যে, গানটি শ্রোতাদের ভালো লাগবে। কিন্তু গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এতটা সাড়া পাবো ভাবিনি।
দিন যত যাচ্ছে গানটির প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা বাড়ছে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার স্বামী অসিমের প্রতি। কারণ অসিম আমাকে সবসময় গানের ব্যাপারে শতভাগ অনুপ্রেরণা দিয়ে এসেছে। গান নিয়ে সত্যিই আমার এতদূর আসা হতো না যদি অসিম পাশে না থাকতো। সে আমাকে সারাক্ষণ অনুপ্রেরণা যোগায়। এদিকে সামনেই আসছে দুর্গা পূজা। পূজাতে ঢাকায় বেশ কয়েকটি মণ্ডপে সংগীত পরিবেশন করবেন হৈমন্তী।
