কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ সাহাজুল ওই একই ইউনিয়নের জামালপুর গ্রামের শামাজুলের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর সীমান্তের ১৫২/১০-এস পিলারের কাছে কৃষক সাহাজুল নিজ জমিতে কাজ করছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়ার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে কৃষক সাহাজুল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বেলা সাড়ে ১১টায় একই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। সেখানে গুলি করে বাংলাদেশি কৃষক আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।
