যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, তদন্ত কমিটি গঠন

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, তদন্ত কমিটি গঠন

ফন্ট সাইজ:

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ই অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।