আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকতে পারলো না বাংলাদেশ। ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে মাত্র ৮.৩ ওভারে ২৯ রান যোগ করতেই গুটিয়ে যায় দলীয় ইনিংস। আফগান পেসার ইয়ামিন আহমাদজাই ইবাদত হোসেনকে আউট করে ইনিংসের সমাপ্তি টানেন।
ক্যারিয়ার সেরা ইনিংসে একপ্রান্তে প্রতিরোধ গড়েন নাঈম হাসান। ৬৭ বলে ৪ চারে ৩৫ রান করে অপরাজিত থাকেন এই স্পিন অলরাউন্ডার। এটি টেস্ট ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। নাঈমের আগের সর্বোচ্চ ছিল ২৬ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সেলিম।
এই মাঠের প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। বাংলাদেশ তার কাছাকাছি পৌঁছালেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। একসময় ২ উইকেটে ২২১ রানের শক্ত অবস্থানে থাকা বাংলাদেশ দলীয় স্কোরবোর্ডে শেষ ১২৫ রান যোগ করতেই হারিয়ে ফেলে বাকি ৮ উইকেট। নাজমুল হোসেন শান্তর দলের ব্যাটিং ধসের কারণেই মূলত বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া হয়।
