বৃটিশ কারি লাইফ অ্যাওয়ার্ড পেলেন নরসিংদীর রাকিব

বৃটিশ কারি লাইফ অ্যাওয়ার্ড পেলেন নরসিংদীর রাকিব

ফন্ট সাইজ:

বৃটিশ কারি লাইফ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাকিব রহমান। দীর্ঘ ২৫ বছর খাবারের বিশ্বস্ত গ্রাহক এবং ধারাবাহিক মেনু উন্নয়নে হুইচার্চের ‘স্পাইস হেভেন’ বৃটিশ কারি শিল্পের শীর্ষস্থানীয় লন্ডনভিত্তিক জাতীয় পুরস্কার প্রতিযোগিতা ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬-এ বর্ষসেরা রেস্তরাঁ বেস্ট রেস্তরাঁ অব দ্য ইয়ার খেতাব অর্জন করেছেন তিনি। রাকিব নরসিংদীর মনোহরদী উপজেলার সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেকের ছেলে। লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গত ৪ঠা অক্টোবর ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসি’র উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লাক্ষ্মী গোপাল। দেশ জুড়ে হাজার হাজার গ্রাহক তাদের পছন্দের রেস্তরাঁকে টেকঅ্যাওয়ে এবং শেফদের পক্ষে ভোট দেন, পরে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।

কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গসংগঠন ‘কারি লাইফ’ ম্যাগাজিনের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, যুক্তরাজ্যের কারি শিল্পে দেশের কিছু অনুপ্রেরণাদায়ক ব্যবসায়ী ও রেস্তরাঁ মালিক রয়েছেন। তাদের কঠোর পরিশ্রমের অর্জনগুলো জাতীয় স্তরে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডরসেটের ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, সমারসেটের টানটনের এমপি গিডিওন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী প্রমুখ। রেস্তরাঁর মালিক রাকিব রহমানের কাছে গ্রাহকদের আস্থাই হলো সবচেয়ে বড় প্রশংসার। তিনি বলেন, বাংলাদেশি হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বর্ষসেরা অ্যাওয়ার্ডস পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।