রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে নিখোঁজের চারদিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি বাগানের ভেতরের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বিকাল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর রোহান নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রঘুনাথপুরের একটি মেহগনি বাগানের ভেতরের ডোবায় অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে বস্তাবন্দি অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি। মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
