তারাকান্দায় রাস্তা নিয়ে বিরোধে বাড়িঘরে হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় সীমানা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, নগদ দেড় লাখ টাকা লুট ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আব্দুর রাজ্জাক (৬২)সহ ১০ জনের নাম উল্লেখ করে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব কামারিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক দুই মাস আগে প্রতিবেশীদের চলাচলের জন্য তার বসতবাড়ির উত্তর পাশে সাড়ে ৩ ফুট জায়গা ছেড়ে দেন।

পরে নিজের গোয়ালঘর নির্মাণের জন্য সেখানে ৪ ফুট উচ্চতার ইটের দেয়াল নির্মাণ করেন। তবে ওই দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল বলে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, গত ৫ই অক্টোবর সকাল ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই দেয়াল ভাঙচুর করেন। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়। পরে বসতঘরের টিন ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় ঘরে রাখা দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। এ সময় আব্দুর রাজ্জাক ও তার ছেলে মো. সজীব মিয়া (২৩) বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন। অভিযুক্তরা এ ঘটনায় মামলা বা আইনগত ব্যবস্থা নিলে হত্যার হুমকি দেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ জানিয়েছেন।