আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে সরকার আশঙ্কার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, উৎসব ঘিরে কোনো মহল নাশকতা চালিয়ে জাতিগত ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গতকাল সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, কোথাও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত ঐক্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ইতিহাস মুছে ফেলা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় কাজ। ড. পিকে রায় উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় রাখার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিষ্ঠানটির নাম পুনরায় ড. পিকে রায় উচ্চ বিদ্যালয় করা উচিত। ড. পিকে রায়ের অবদান তুলে ধরে তিনি বলেন, তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত ও গুণী ব্যক্তি। কলকাতার একটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বৃটিশ সরকারের সময় ভারতের শিক্ষা উপদেষ্টা হিসেবেও তাকে নির্বাচিত করা হয়েছিল বলে উল্লেখ করেন গয়েশ্বর। এমন একজন ব্যক্তিত্বের অবদান অবজ্ঞা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক কমিটির সভাপতি বিমল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা ও শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, নফরুল ইসলাম খান আওয়াল।
