বাংলাদেশ আমার লাশও হয়তো ফেরাতে দেবে না

বাংলাদেশ আমার লাশও হয়তো ফেরাতে দেবে না

ফন্ট সাইজ:

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের ব্যবধানে কলকাতা ছেড়ে যাওয়া বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলেন কিছুদিন আগেই। সেই সময়ই জানিয়েছিলেন, তিনি বারবার ফিরে আসবেন কলকাতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। সেই মোতাবেক বুধবার দুপুরে পাঁচদিনের জন্য কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। দু’টি অনুষ্ঠানের জন্যই তার কলকাতায় আসা।

বৃহস্পতিবার মহাজাতি সদনে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ইলেকট্রনিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তসলিমা বলেছেন, ‘ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। বাংলাদেশে আমি আর ফিরতে পারবো না, সেটা মেনে নিয়েছি। আমি কেন, আমার মৃত্যুর পর ওরা আমার লাশও হয়তো ফেরাতে দেবে না।’

এক স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে অনুষ্ঠানে ‘উমা’ সম্মান প্রদান করা হয় তাকে। এদিন মহাজাতি সদনের মঞ্চে ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে এসেছিলেন তসলিমা। তার কবিতা আর বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির নাচ অনুষ্ঠানটি আকর্ষণীয় করেছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, বিশিষ্ট জাদুকর পিসি সরকার জুনিয়র। আগামী ১২ তারিখ পর্যন্ত তসলিমার এ শহরে থাকার কথা। পূজায় তিনি থাকছেন না বলে জানিয়েছেন। বলেছেন, কলকাতার দুর্গাপূজাকে তিনি বেশ উপভোগ করেন।