ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুরের সাহেব কাচারী বাজারের চর শ্রীরামপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মুক্তাদির শাহিন। মিছিলে উপস্থিত ছিলেনÑ অনন্ত হাসান হৃদয়, মো. আসাদুল হক, রেজাউল হাব বাবু, মুস্তাকিম, সিরাজুল হক, সিফাত খান পাঠান, রিফাত খান বাবু, আনোয়ার, রবি ও পিয়াস খান পাঠানসহ আরও অনেকে। মিছিল-পরবর্তী বক্তব্যে আল-মুক্তাদির শাহিন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচির পাশাপাশি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান তিনি। এ সময় তিনি বর্তমান সরকারকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন। গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিছিলের একটি ভিডিও হাতে এসেছে। ভিডিও দেখে চিহ্নিত করে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল
ময়মনসিংহ প্রতিনিধি
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
