বরিশালে থানা থেকে পালালেন মাদক মামলায় আটক পুলিশ কর্মকর্তা

ফন্ট সাইজ:

বরিশালে মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩৮) থানা থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ডোপ টেস্টের প্রস্তুতিকালে বিমানবন্দর থানা থেকে পালিয়ে যান এএসআই দেলোয়ার হোসেন। রাতে পুলিশ জানায়, তাকে খুঁজে বের করতে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এএসআই দেলোয়ারের ডোপ টেস্ট করার প্রস্তুতি চলছিল। এ সময় সুযোগ বুঝে তিনি থানা থেকে পালিয়ে যান। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

এর আগে, ওইদিন ভোরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন তিনি। দেলোয়ার বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই ও খুলনা সদরের শের-ই-বাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে। বৃহস্পতিবার তার সঙ্গে আরও আটক হন, বাগেরহাট জেলার ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার ছেলে নাহিদ হাসান (২৬), বরিশাল সদরের দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এমএ বারীর ছেলে মো. মিরাজুল ইসলাম (৩৪) ও বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার হেমায়েত গাজীর ছেলে নুরজাত (৩০)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানের সময় দেলোয়ার হোসেন টিনের ওপর দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর থানা পুলিশকে খবর দেয়া হয়।

থানার এক পরিদর্শক ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ থানা থেকে পালিয়ে গেছেন। তবে বিষয়টা নিয়ে লুকোচুরি করছেন থানার ওসি রফিকুল ইসলাম। তিনি পালিয়ে যাওয়া দেলোয়ার হোসেনের বিষয়ে বলেন, পালাননি, হয়ত ভয়ে দূরে কোথায় গেছেন।