কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান ছয় দফায় আটক ২২৯৪

ফন্ট সাইজ:

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে নতুন করে ২৫২ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকায় ষষ্ঠ দফার এ অভিযানে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে ছয় দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জনে। শুক্রবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার এবং মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়ার অভিযোগ রয়েছে। এসব অপরাধে জড়িয়ে পড়ার পাশাপাশি হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনাতেও কিশোরদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। গত ১৮ই সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে দেশ জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর অপরাধ দমনে ধারাবাহিক অভিযান জোরদার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ২রা অক্টোবর পর্যন্ত পাঁচ দফার অভিযানে ২ হাজার ৪২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়। বাকি ১ হাজার ৪০৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলোচিত কিশোর গ্যাং ‘টিম-আর’ ও ‘ক্রাইম সেটআপ’-এর চার নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।