ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বেনাপোলগামী একটি বিলাসবহুল বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে প্রকাশ, ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি এসি বাসে এক যাত্রী অবৈধ মাদকদ্রব্য বহন করছে এমন সংবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পরে ভাঙ্গা থানা পুলিশ বগাইল টোল প্লাজায় অবস্থান নেয়।
আনুমানিক ১১টার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ গাড়িটিকে সংকেত দিয়ে থামায়। পরে তল্লাশি চালিয়ে ওই যাত্রীর পকেট থেকে একটি পেকেটে মোড়ানো এসব ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১৮০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও বাসের টিকিট জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে আলামতসহ ভাঙ্গা থানায় নেয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
