দৌলতপুরে পদ্মার দুর্গম চরে সাঁড়াশি অভিযান, আটক ১১

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার দুর্গম চরে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর থেকে এ অভিযান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। অভিযানে প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে ১১ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, দৌলতপুরের বিস্তীর্ণ চরাঞ্চলসহ পদ্মার দুর্গম চরাঞ্চলকে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। চরের নিয়ন্ত্রণ, জমি দখল, বালুমহাল দখল, মাদক ও অস্ত্র চোরাচালান, কৃষি জমির ফসল লুট এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওইসব এলাকায় প্রায়ই গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটে থাকে। হত্যাকাণ্ডের ঘটানাও ঘটেছে একাধিক।

সন্ত্রাসী কর্মকাণ্ডের এসব ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। এমন পরিস্থিতি মোকাবিলা ও চরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে চার জেলার পুলিশ অভিযান চালিয়েছে। এর অংশ হিসাবে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তসংলগ্ন পদ্মার চরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ গুরুত্ব দেয়া হয়।