হোমনায় পুড়ে ছাই হার্ডওয়্যারের গোডাউন, ক্ষতি প্রায় কোটি টাকা

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনায় অগ্নিকাণ্ডে আমির হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ও গলে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক। শুক্রবার দুপুর ১টার দিকে পৌর এলাকার সিনাইয়া রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দু’টি ইউনিটে ভাগ হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই গোডাউনে থাকা বিভিন্ন আকারের প্লাস্টিকের পাইপ, পানির ট্যাংক, ইলেকট্রিক ক্যাবল, এনার্জি বাল্বসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ও আগুনের তাপে গলে যায়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

এ সময় তিনি প্রতিষ্ঠানের মালিক মো. আমির হোসেনের সঙ্গে কথা বলেন এবং তার খোঁজখবর নেন। এ ছাড়া আইনি সহযোগিতায় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেবেন বলেও আশ্বাস দেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। কিছুদিন আগেও দোকানের একইস্থানে আগুন লাগানো হয়েছিল। তবে তখন ক্ষয়ক্ষতি এতটা ভয়াবহ ছিল না। এবার চোখের পলকেই সব শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, এখনো মালামালের ক্ষয়ক্ষতির হিসাব করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।