‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি এবার ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন করছে ডাক বিভাগ, সিলেট। এ উপলক্ষে হাতে নেয়া হয়েছে সপ্তাহব্যাপী কার্যক্রম। প্রথম দিন ছিল বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে র্যালি বের করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে নেতৃত্ব দেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী। র্যালিটি সিলেট মহানগরের বন্দর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট প্রধান ডাকঘরের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী।
তিনি বক্তব্যে বলেন, ডাকবিভাগ অনেক দূর এগিয়ে গেছে। কার্যপদ্ধতি অনেক ডিজিটাল হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চিঠিপত্র ও পার্সেল আদান-প্রদান সার্ভিসে সুখ্যাতি অর্জন করেছে। আমাদের এই অর্জন ধরে রাখতে হবে। গ্রাহকদের সেবা দিয়ে আরও সন্তুষ্ট করতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখলে সরকারও আমাদের কাছ থেকে প্রতি বছর আয় করবে বিপুল পরিমাণ রাজস্ব। সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লিপ্টন রঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈদেশিক ডাক, সিলেটের সহকারী পোস্টমাস্টার জেনারেল তন্ময় দে চৌধুরী, সিলেট প্রধান ডাকঘরের এপিএমজি কাম-পোস্টমাস্টার (ট্রেজারি) মধুসূদন বণিক, ডাক জীবন বীমা সিলেটের সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ) মোহাম্মদ কামরুল হাসান।
