উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল হাকিম (৫০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার রহমতের বিল এলাকায় বালুখালী বিওপি’র বিশেষ টহল দল তাকে আটক করে। ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুরের পাশ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় সন্দেহ হলে ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আটক নুরুল হাকিম উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৫-এর ই-৬ ব্লকের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে। বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।