নানির বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল নাতির

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বারে নানির বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমান হোসেন নামে এক যুবকের। শুক্রবার সকাল ৬টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাস স্টেশন সংলগ্ন অটো ব্রিকস্ ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরমান ঘটনাস্থলে নিহত হন এবং অজ্ঞাত চালক আহত হন। দুর্ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে সকাল ১০টায় দেবিদ্বার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আরমান হোসেন (২৪) সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে ও পেশায় হোন্ডা মেকানিক ছিলেন। পুলিশ ও স্বজনরা জানান, আরমানের নানার বাড়ি দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। তিনি কুমিল্লা থেকে সিএনজিযোগে নানার বাড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, নিহতের লাশ এবং দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।