বাবার জন্য সিগারেট আনতে গিয়ে প্রাণ গেল শিশুর

ফন্ট সাইজ:

বাবার জন্য সিগারেট আনতে দোকানে যাচ্ছিল সাত বছরের শিশু তাসপিয়া। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হতে গিয়ে লেগুনার ধাক্কায় প্রাণ হারায় শিশুটি। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া আবু হানিফের মেয়ে। তার পরিবার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার জন্য সিগারেট আনতে তাসপিয়াকে দোকানে পাঠানো হয়। রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার পথে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৃষ্ণা সরকার সেতু জানান, শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। এদিকে, দুর্ঘটনার পর পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনাস্থলে থাকা পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারেকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।