রাসিকের উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

ফন্ট সাইজ:

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃক বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে গৃহীত তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মধ্যে বিএনপি’র তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি এবং তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। গতকাল বিকালে রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃস্থাপিত ফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন-অর রশিদ। প্রসঙ্গত, ২০০৫ সালের ৯ই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির আওতায় স্থাপিত ভিত্তিপ্রস্তর ফলকগুলো ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় ও সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে অবস্থিত ছিল। উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি পুনরুদ্ধার করা হলো।