মোহনগঞ্জে গাছে বাঁধা সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

মোহনগঞ্জে গাছে বাঁধা সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

নেত্রকোণার মোহনগঞ্জে নিখোঁজের দু’দিন পর গাছের ডালে রশি দিয়ে বাঁধা অবস্থায় ফজলুল রহিম কাজল (৫৫) নামে সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর উত্তরপাড়া গ্রামের গোরস্থান এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন এর সত্যতা নিশ্চিত করেন।

কাজল পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের জবান আলীর ছেলে। তিনি দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর নিজ উপজেলায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, গত বুধবার সকালে অফিসের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে এক ব্যক্তি গরু চরানোর উদ্দেশ্যে কংস নদের পাড়ে যান। এ সময় পচা গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে একটি গাছের মগডালে হেলান দেয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয় লোকজন এ ঘটনার খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বড় ভাই ফজলুল করিম বুলবুল বলেন, ব্যাংক থেকে টাকা তোলার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয় কাজল। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তবে টাকা তুলেছিল কিনা জানা যায়নি। তার দাবি, এটি কোনো আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। কাজলের মরদেহ গাছের ডালে বসানো অবস্থায় ছিল, ঝুলন্ত অবস্থায় নয়। তিনি এ ঘটনার বিচার চান। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরির পাশাপাশি ওইদিনই ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।