সিলেটের গোয়াইনঘাট প্রেস ক্লাব ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম লিমন) বিজয়ী হয়েছেন। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক- এই দু’টি পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন। এর আগে যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিন। সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
এদিকে নবনির্বাচিত কমিটিকে প্রেস ক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
