রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন মাদকসেবী হিসেবে চিহ্নিত। তারা হলো- নিজাম উদ্দিন (৩১), কামরুল হোসেন (২১), মো. রাকিব হাসান (২১), মো. হোসেন আলী ফকির (২৩) ও ইমং মারমা (২৯)। এ ছাড়া, বিভিন্ন মামলার পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়া চাকমা (৪২), মো. শাকিল (৩৫) ও ইমাম হোসেন রাজুকে। তাদের মধ্যে প্রিয়া চাকমাকে সিআর পরোয়ানা, শাকিলকে জিআর পরোয়ানা এবং ইমাম হোসেন রাজুকে জিআর সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ মজুমদার (৪৮), সাকিব হোসেন (২১), মো. মনিরুল ইসলাম ইমন (১৯), মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪), মো. মিজানুর রহমান (২৪) ও মো. আলতাফ হোসেনকে (৩১)। তাদের মধ্যে আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
