কিশোরগঞ্জে ইটভাটায় কাজ করার সময় দেয়াল ধসে নিহত ২

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় ইটের দেয়াল ধসে গোলাপ মিয়া (৬০) ও উৎপল মিয়া (২০) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকায় মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। ইটভাটাটির মালিক দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোফাজ্জল হোসেন সজল (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটাটিতে শুক্রবার সকাল থেকে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বেলা পৌনে ১২টার দিকে ইটের দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক গোলাপ মিয়া ও উৎপল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।