ঢাকা-আরিচা মহাসড়কে থ্রি-হুইলারের অবাধ চলাচল নিয়ে মানবজমিনে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে বরংগাইল হাইওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। অভিযানে ১০টি থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আমরা বরাবরের মতোই অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। বরংগাইল গ্রামের অটোচালক আরিফ মিয়া বলেন, আমরা অটো চালিয়ে সংসার চালাই। সরকারের কাছে আমাদের দাবি, মহাসড়কে চলাচলের ক্ষেত্রে আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক।
জীবিকার বিষয়টি বিবেচনা করে সরকার যেন আমাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়। অন্যদিকে বাসযাত্রীরা জানান, সড়কে ছোট যানবাহন না থাকায় চলাচলে গতি এসেছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা। একাধিক বাসচালক বলেন, মহাসড়কে থ্রি-হুইলারের কারণে বাস চালাতে নানা সমস্যায় পড়তে হয়। এসব যানবাহন সড়কে না থাকলে গাড়ি চালানো সহজ হয়। এর আগে ঢাকা-আরিচা মহাসড়কে থ্রি-হুইলারের চলাচল ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে মানবজমিনে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রী ও পরিবহন-সংশ্লিষ্টরা।
