সখীপুরে মন্ত্রীর হস্তক্ষেপে বাড়ি ফিরলেন বৃদ্ধ মা-বাবা

সখীপুরে মন্ত্রীর হস্তক্ষেপে বাড়ি ফিরলেন বৃদ্ধ মা-বাবা

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের সখীপুরে ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনায় বাড়ি ছাড়া হওয়া সেই বৃদ্ধ মা-বাবা বাড়ি ফিরলেন মন্ত্রীর হস্তক্ষেপে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বৃদ্ধ দম্পতি ডা. আবদুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে বাড়িতে পৌঁছে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমদ আযম খান। এ ঘটনায় সখীপুরের সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনার বিস্তারিত বিষয় নিয়ে ওই দম্পতির ছেলে লন্ডন প্রবাসী ডা. শাহ জালালের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। কথা বলার পর প্রবাসী ছেলের পক্ষ থেকে দম্পতির হাতে এক লাখ টাকা তুলে দেন। বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের জন্য প্রতি মাসে এক লাখ টাকা পাঠাবেন বলেও কথা দিয়েছেন ছেলে- এমন তথ্য সাংবাদিকদের জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম প্রমুখ। এর আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে লন্ডন প্রবাসী চিকিৎসক ডা. শাহ জালালের বিরুদ্ধে জোর করে জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মা’কে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে। অভিযোগ তুলেছিলেন তার মা আনোয়ারা বেগম।

ডা. শাহ জালাল এ অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক সম্পত্তি রক্ষায় মা-বাবার সম্মতিতে ইসলামী ফারায়েজ অনুযায়ী সম্পত্তি বণ্টন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বাবা-মায়ের সঙ্গে লন্ডন প্রবাসী চিকিৎসক ছেলের বিরোধের আপাতত নিষ্পত্তি হয়েছে। ওই বৃদ্ধ দম্পতিকে সখীপুরে তাদের নিজেদের বাড়িতে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের তোলা অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র নেতিবাচক আলোচনার সৃষ্টি হয়।