সিরাজদিখানে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার তদবির

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগ উঠেছে চিত্রকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার প্রতিবেশী চাচা হওয়ায় তিনি তাকে দেখতে তদন্তকেন্দ্রে গিয়েছিলেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুলতান বেপারী (৪৮)। তিনি সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে সুলতান বেপারীকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে, গ্রেপ্তারের পর তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে শহীদুল ইসলাম উজ্জ্বলের তদবিরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উজ্জ্বল বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়। সুলতান বেপারী আমার প্রতিবেশী চাচা। তাকে দেখতে আমি শেখরনগর তদন্তকেন্দ্রে গিয়েছিলাম। শেখরনগর তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার ঘোষ বলেন, সুলতান বেপারী আওয়ামী লীগের সক্রিয় সদস্য হওয়ায় চলমান বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, ফ্যাসিবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আমাদের কোনো নেতাকর্মী তাদের ছাড়াতে তদবির করে এবং তা প্রমাণিত হয় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।