কর্ণফুলীর পাঁচ ইউনিয়নে বিএনপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য সংগ্রহ ও মতবিনিময়

ফন্ট সাইজ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ ইউনিয়নের বিএনপি’র ২৬ জন চেয়ারম্যান পদপ্রত্যাশী যাচাই-বাছাই কমিটির দায়িত্বশীলদের কাছে নির্ধারিত তথ্য ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার মেগা কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য ও কর্ণফুলী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এসএম মামুন মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য হাজী মো. ওসমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয়, বর্তমান ও সাবেক সাংগঠনিক পদ, সামাজিক অবস্থান, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা-মোকদ্দমা এবং ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনবৃত্তান্ত সংগ্রহ করছে দক্ষিণ জেলা বিএনপি’র গঠিত যাচাই-বাছাই বা সার্চ কমিটি। কর্ণফুলী উপজেলায় এ কমিটির নেতৃত্বে রয়েছেন আলী আব্বাস। কমিটির সদস্য হিসেবে রয়েছেন এসএম মামুন মিয়া, হাজী মো. ওসমান, মো. ইসমাইল ও সালেহ জহুর। সভায় শিকলবাহা ইউনিয়ন থেকে মো. সোলাইমান দোভাষী, মো. নুরুল ইসলাম মেম্বার, মামুনুর রশিদ মামুন, মনোয়ার হোসেন, এডভোকেট গোলাম মোর্শেদ, মো. নুরুল আফসার, এইচএম হারুনুর রশিদ ও তৈয়বুল আলম অংকুর তথ্য ফরম জমা দেন। জুলধা ইউনিয়ন থেকে একমাত্র প্রার্থী হিসেবে হাজী মো. ওসমান তথ্য ফরম জমা দেন। চরলক্ষ্যা ইউনিয়ন থেকে মো. জসীম উদ্দিন, মো. মনির উদ্দিন মুন্সী, মো. ছালেহ জহুর, এটিএম হানিফ ও আব্দুল গফুর মেম্বার তথ্য জমা দেন। বড়উঠান ইউনিয়ন থেকে আলমগীর বিন হোসেন, মুবিনুর রশিদ চৌধুরী, রবিউল হোসেন চৌধুরী, আব্দুল আজিজ, মো. জাবেদ, ইদ্রিস হাজার নয়ন, জাহিদুল ইসলাম শামীম, মেহেরাব হোসেন খান, আব্দুল মান্নান খান ও এডভোকেট মো. নাজিম তথ্য ফরম জমা দেন।

চরপাথরঘাটা ইউনিয়ন থেকে এম মহিউদ্দিন ও মো. সেলিম খান তথ্য জমা দেন। মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নিজেদের তথ্য সঠিকভাবে উপস্থাপনের বিষয়ে গুরুত্ব দেন তারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী আব্বাস বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং দলের দুঃসময়ে ভূমিকার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে তথ্য যাচাই করা হবে।

সভাপতির বক্তব্যে এসএম মামুন মিয়া বলেন, বিএনপি’র দলীয় প্রার্থী বাছাই একটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। এ কারণে চেয়ারম্যান পদে আগ্রহী নেতাদের প্রত্যেকের রাজনৈতিক ও সাংগঠনিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। দলের প্রতি আনুগত্য, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয় যাচাই করে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে।