সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় পাবনার বেড়া পৌরসভার বিভিন্ন সড়ক ও মহল্লা। মানুষের রাতের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে পৌরসভার উদ্যোগে স্থাপন করা হয়েছে শত শত লাইটের পোল। কিন্তু এসব পোলের বড় একটি অংশেই এখন বাতি জ্বলে না। কোথাও বাতি নেই, কোথাও বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন, আবার কোথাও বাতি নষ্ট। ফলে পোলগুলো দাঁড়িয়ে থাকলেও অন্ধকার দূর হচ্ছে না। এতে রাতের চলাচলে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ১৭ লাখ টাকা ব্যয়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৪০ হাজার মিটার বৈদ্যুতিক লাইন ও ৭২৩টি রাস্তার বাতির পোল স্থাপন করা হয়। এর মধ্যে বর্তমানে মাত্র ২০৫টি পোলের বাতি সচল রয়েছে। বাকি ৫১৮টি পোলের বাতি অচল। এছাড়া পৌর এলাকায় ১১২টি সৌরবিদ্যুৎচালিত লাইট রয়েছে, যার অনেকগুলোও নষ্ট হয়ে পড়ে আছে।
৪০ হাজার মিটার বৈদ্যুতিক লাইনের মধ্যে বর্তমানে ৮ হাজার মিটার সচল এবং ৩২ হাজার মিটার অচল রয়েছে। সরজমিন পৌর এলাকার দক্ষিণ কর্মকারপাড়া, মোহনগঞ্জ, ডাকবাংলো, পায়না, বৃশালিকা, মৈত্রবাধা ও সান্যালপাড়াসহ বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়, সড়কের পাশে সারি সারি লাইটের পোল থাকলেও অনেক পোলেই বাতি নেই। কোথাও বাতি থাকলেও তা জ্বলছে না। কোনো কোনো পোলের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ থাকলেও বাতি সচল নেই। সন্ধ্যার পর আবাসিক এলাকার গলি, বাজারসংলগ্ন সড়ক ও কম জনচলাচলের এলাকাগুলোতে নেমে আসে ঘোর অন্ধকার। দক্ষিণ কর্মকারপাড়া মহল্লার কয়েকজন বাসিন্দা জানান, ২০২২ সালের দিকে মোড়ের ওপর প্রায় ১০ হাত দূরত্বে দু’টি লাইটের পোল স্থাপন করে পৌরসভা। পোল দুটিতে প্রায় দেড় বছর আলো জ্বলেছিল।
এরপর থেকে দীর্ঘদিন ধরে বাতি বন্ধ। ফলে সন্ধ্যার পর মোড়সহ আশপাশের সড়ক অন্ধকার থাকে। রাতের বেলায় ওই সড়ক দিয়ে চলাচল করতে অনেকেই ভয় পান। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে এসব সড়ক ও মহল্লায় লাইটের পোল স্থাপনের পর রাতে চলাচলে স্বস্তি ফিরেছিল। তবে সময়ের সঙ্গে অনেক বাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় আবারও আলো সংকট দেখা দিয়েছে। সম্প্রতি লাইটের পোলের বৈদ্যুতিক তারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য পৌরসভা কিছু অর্থ বরাদ্দ পাওয়ার পর কয়েকটি এলাকায় বাতি জ্বলতে শুরু করেছে। এতে ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পৌর এলাকার সব সড়ক ও মহল্লায় এখনও প্রয়োজনীয় আলো নিশ্চিত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সৌরবিদ্যুৎচালিত লাইট নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, কোথাও সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি আগে থেকে থাকা পৌরসভার লাইটের পোলেও নতুন করে বাতি দেয়া হয়েছে। পৌর এলাকার অনেক সড়ক ও মহল্লায় এখনও কোনো আলো নেই।
তাদের মতে, যেসব এলাকায় একেবারেই আলো নেই, সেসব জায়গাকে অগ্রাধিকার দিয়ে অচল পোল সচল করা হলে বেশি মানুষ উপকৃত হবেন। বেড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, পৌরসভার স্থাপিত লাইটের পোলগুলোর বৈদ্যুতিক তার চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে অনেক পোলের বাতি জ্বলছে না-বিষয়টি আমার জানা আছে। ইতিমধ্যে প্রধান সড়কগুলোর বাতি ও বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে পাড়া-মহল্লার প্রতিটি পোলেও বাতি জ্বালানোর ব্যবস্থা করা হবে।
