কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন

কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। বাগানের ২ নম্বর সেকশনে বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার দুই মাস পূর্বে ওই বাগানের ১২ নম্বর সেকশনে আরও ৬ শতাধিক চারা গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে শুক্রবার বিকালে কুলাউড়া থানায় কালিটি চা বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি ১০০টি চা গাছ কেটে ফেলায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাগানের ২ নম্বর সেকশনে (লক্ষ্মীপুর মিশন স্কুলের সামনে) চা গাছ কাটার বিষয়টি শ্রমিক ও পাহারাদারের মাধ্যমে জানতে পারেন বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

সরজমিন গেলে এ ঘটনায় বাগানের পাহারাদার গঙ্গারাম অলমিক ও কৃষ্ণ অলমিকের সঙ্গে কথা হলে তারা জানান, রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন থেকে পাহারাদারের দায়িত্বে আছেন তারা। তবে ওই সেকশনে আগে কোনোদিন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি।
কালিটি চা বাগানের জেনারেল ম্যানেজার এএসএম জিলকার চৌধুরী জানান, চায়ের গাছকে অনেকটা নিজের সন্তানের মতো লালন করা হয়। একটি বাগানের প্রাণই হলো চায়ের গাছ। এমন বর্বরোচিত ঘটনায় আমরা হতাশ। দুই দফায় চারা গাছ কর্তনের বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে অবগত করেছি। তিনি প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বাগান কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।