সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশের বিশেষ অভিযানে শটগান, চাইনিজ পিস্তল, গুলি ও চাঁদা আদায়ের তালিকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলামের নেতৃত্বে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকার বাহাদুর ঘোনায় এ অভিযান চালানো হয়। এতে যৌথ বাহিনীর সদস্যরাও অংশ নেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. রাসেল (৩০), মো. মোরশেদ (৩৩), মো. বাবু (৩২) ও মো. সাব্বির (৩২)।

পুলিশ জানায়, রাসেলের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা এবং মোরশেদের বিরুদ্ধে দু’টি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। অভিযানে একটি শটগান, একটি চাইনিজ পিস্তল, নয়টি সীসার বুলেট, ছয়টি কার্তুজ, একটি টেডা, চারটি অ্যান্ড্রয়েড ফোন, একটি পাওয়ার ব্যাংক ও চাঁদা আদায়ের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। পুলিশ জানায়, গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে।