মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্তে ৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশইন) চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সে চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিজিবি’র বাধার মুখে শুক্রবার সকাল ৬টার দিকে বিএসএফ সদস্যরা ওই ৪ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৪৭ বিজিবি’র অধীনস্থ সওড়াতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের ‘বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা ২ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুকে অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করার চেষ্টা করে। তবে পূর্ব থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও সীমান্তে বিজিবি টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে সওড়াতলা বিওপি’র বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের এই অবৈধ পুশইনচেষ্টা সফলভাবে প্রতিহত করে।
