ধোবাউড়ায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা

ধোবাউড়ায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ মুন্সিরহাট বাজার থেকে এরশাদ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী, যাত্রী ও যানবাহন চালকেরা। উপজেলা প্রকৌশল সূত্রে জানা যায়, মুন্সিরহাট বাজার থেকে ঘোষগাঁও বাজার পর্যন্ত ৯ কিলোমিটার সড়কটি ২০১০ সালে পাকাকরণ করা হয়। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে সংস্কার করা হয়। এরপর সাত বছর পেরিয়ে গেলেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ফলে এরশাদ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তাটি ভেঙে গেছে। ঘোষাগাঁও ইউনিয়নের ইউপি সদস্য শাহজাহান মিয়া বলেন, প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। সড়কের অবস্থা খুব খারাপ দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ইতিমধ্যে সংস্কারের জন্য অনুমোদন হয়েছে, ঠিকাদার নিয়োগ করে পরবর্তী কার্যক্রম শুরু হবে।