রংপুরের পীরগঞ্জে গুরুত্বপূর্ণ প্রায় ৮টি ব্রিজ/কালভার্ট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও ব্রিজের রেলিং ভেঙে গেছে। আবার কোথাও ঢালাই ফেটে চলাচল বন্ধের উপক্রম হয়েছে। এসব ব্রিজ/কালভার্টগুলো হলো- পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাদারগঞ্জগামী ঢোনজানা নদীর ঘাট কালভার্ট, শানেরহাট সড়কের একটি ব্রিজ, নলেয়া নদীর ব্রিজ, সোনামতি ব্রিজ, চৌরারহাটগামী ব্রিজ, ফুলের যানগামী ব্রিজ, কাশিমপুরগামী ব্রিজসহ মোট ৮টি ব্রিজ/কালভার্ট দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এসব সেতুর কোথাও রেলিং ভেঙে গেছে, আবার কোথাও ব্রিজ ঢালাই ফেটে ভেঙে অচল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুগুলোর বেহাল অবস্থার কারণে বিশেষ করে ভারী যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সেতুর উপর দিয়ে চলাচলের সময় পথচারী ও যানবাহন চালকদের সতর্ক থাকতে হচ্ছে। জরুরি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
অপরদিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আখিরা নদীর উপর বটেরহাট, ধাপেরহাট জামদানি নদীর উপর সরু ব্রিজ, চতরা ইউনিয়নের ইকলিমপুর-কাটাদুয়ার নদীর উপর রয়েছে দীর্ঘদিনের পুরনো সরু ৩টি ব্রিজ। এছাড়া উপজেলায় বিভিন্ন গ্রামীণ সড়কে বেশকিছু কালভার্টও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ সড়ক ও সেতুগুলো কৃষক ও সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে ফসলের মৌসুমে এসব সড়ক দিয়ে কৃষিপণ্য পরিবহন করা হয়। ব্রিজ ও কালভার্ট ঝুঁকিপূর্ণ থাকায় কৃষকদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ সেতু ও কালভার্ট সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী বিভাগকে তাগিদ দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান, ক্ষতিগ্রস্ত সেতুগুলো সংস্কারের জন্য তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সেতুগুলো সংস্কার করা হবে।
